নিজস্ব প্রতিনিধি , অসম - ভারত এখনও ফিফা বিশ্বকাপে খেলতে পারেনি। তবে বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করছেন অসমের গীতিকা তালুকদার। ২০২৬ ফিফা পুরুষ বিশ্বকাপ কভার করার জন্য ভারত থেকে একমাত্র মহিলা ফটোজার্নালিস্ট হিসেবে অফিসিয়াল অ্যাক্রেডিটেশন পেয়েছেন তিনি। একটানা তৃতীয়বার বিশ্বকাপের সাইডলাইনে দেখা যাবে এই ভারতীয় ফটোজার্নালিস্টকে।
অরুণাচল প্রদেশে জন্ম হলেও গীতিকার বেড়ে ওঠা দেশের বিভিন্ন শহরে। বাবার চাকরির সূত্রে একাধিক জায়গায় বসবাসের অভিজ্ঞতা তাঁর জীবনের পরিধি বিস্তৃত করেছে। পরে দক্ষিণ কোরিয়ার সিওল ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন। ক্রীড়া সাংবাদিকতায় লিঙ্গ বৈষম্য নিয়ে গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতায় নিজের পেশাগত ভিত্তি মজবুত করেন।
পেশাজীবনের শুরু একটি ফটো নিউজ এজেন্সিতে হলেও ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রীড়া ফটোগ্রাফির জগতে নিজের স্বতন্ত্র পরিচয় তৈরি করেন গীতিকা। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপ এবং ২০২২ সালের কাতার বিশ্বকাপ কভার করার পর এবারও ফিফার স্বীকৃতি পেয়েছেন তিনি। বিশ্বকাপ ছাড়াও অলিম্পিক, আইপিএল, কমনওয়েলথ গেমস এবং একাধিক আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় তাঁর উপস্থিতি নজর কেড়েছে।
ক্যামেরার ফ্রেমে শুধু খেলার ফল নয়, খেলোয়াড়দের আবেগ, সংগ্রাম, সাফল্য এবং হতাশার মুহূর্তও সমান গুরুত্ব পায় গীতিকার কাজে। টোকিও অলিম্পিকে অসমের বক্সার লভলিনা বরগোহাঁইয়ের স্মরণীয় মুহূর্ত ক্যামেরাবন্দি করাকে তিনি নিজের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে মনে করেন। অসমের মাটি থেকে শুরু হওয়া তাঁর পথচলা আজ আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিকতার অন্যতম অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে।
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের